উইকেটের পেছনে আরও এক রেকর্ড গড়লেন লিটন, ছাড়ালেন মুশফিককে
যোগফল প্রতিবেদক:
উইকেটরক্ষক হিসেবে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশের লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়ার পর এবার ভাঙলেন মুশফিকুর রহিমের রেকর্ড। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের তালিকায় বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে এখন শীর্ষে লিটন।
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৭ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ৬ ব্যাটারই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। এইডেন মার্করাম, জুবায়ের হামজা, ম্যাথিউ ব্রিজকে, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মার ক্যাচ লিটনের গ্লাভসে ধরা পড়েছে। এতে এক ইনিংসে তাঁর ডিসমিসালের সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।
এর আগে টেস্টে এক ইনিংসে বাংলাদেশের কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ছিল পাঁচটি। ২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুরে এবং ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় এই কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯টি ডিসমিসাল করে আরও একটি রেকর্ড গড়েছিলেন লিটন। এর মাধ্যমে এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে খালেদ মাসুদ পাইলটকে ছাড়িয়ে যান তিনি। ২০০২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে দুই ইনিংস মিলিয়ে সাতটি ডিসমিসাল করেছিলেন পাইলট।
নতুন এই কীর্তির মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন লিটন কুমার দাস।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন